২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ‘বিভ্রান্তির ইতিহাস’ তৈরি করছে: আমীর খসরু

আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নিজের মতো করে ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 12:07 AM

Updated : 02 Aug 2022, 05:53 PM

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নাসিমন ভবনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, মুক্তিযুদ্ধে জিয়ার অবদান আওয়ামী লীগ মুছে দিতে চাইছে।

“আওয়ামী লীগ বর্তমানে যে ইতিহাস রচনা করেছে সেটা ক্ষমতার ইতিহাস। এটা বিভ্রান্তিকর ইতিহাস। ক্ষমতায় থেকে যারা ইতিহাস রচনা করে, সেটা হয় প্রোপাগান্ডা।

“রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে এখন, তথাকথিত এসব ইতিহাসবিদের ইতিহাস আগামী দিনে থাকবে না।”

আমীর খসরু বলেন, “আমি মনে করি, যারা ইতিহাসবিদ তারাই প্রজন্ম থেকে প্রজন্ম সত্যিকারের ইতিহাস পৌঁছে দেবেন। ইতিহাস বিকৃতকারীদের এদেশের আপমর জনগণ চিনে নিয়েছে।”

জিয়া ক্ষমতা দখল করেননি দাবি করে তিনি বলেন, “১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে সরকারের বিরুদ্ধে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেনাবাহিনী থেকে বিদ্রোহ করেছেন। ঠিক একই প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসীন হয়েছেন, তখন এ দায়িত্ব দেওয়ার কেউ ছিল না।”

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, বিএনপি নেতা এম এ হালিম, ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, বেলায়েত হোসেন, জসিম উদ্দীন চৌধুরী, কাশেম চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী আনসার।