২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর সাবের খুনের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালীতে সাবের হোসাইন খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 08:25 PM

Updated : 21 Dec 2023, 07:35 PM

হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর সোমবার গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫), এ খুনের মামলার প্রধান আসামি। তিনি নিহত সাবেরের চাচাত ভাই।

র‌্যাব-৭ চাঁন্দগাও ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই দেলোয়ার পলাতক ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

এ মামলায় পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্তে ছিল জানিয়ে তিনি বলেন, সোমবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাটে দেলোয়ারের অবস্থান জানতে পেরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবের খুনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা জাবের।  

গত ১৮ মার্চ রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বিরোধের জেরে সাবেরকে কুপিয়ে দুই পায়ে জখম করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়।

তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সাবেরের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে একটি মামলা করেন বাঁশখালী থানায়।

র‌্যাব কর্মকর্তা জাবের বলেন, নিহত সাবেরের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল দেলোয়ারের। সে বিরোধের জেরে সাবেরকে খুন করা হয়েছে বলে জানিয়েছে দেলোয়ার।

দেলোয়ারকে বাঁশখালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।