২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার যাওয়ার পথে আটক ১০ রোহিঙ্গা

মিরসরাই উপকূল থেকে সাত নারী ও তিন শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ, যাদের দালালের মাধ্যমে নৌপথে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 09:40 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন ইছাখালী ইউনিয়নের চরশরৎ উপকূল এলাকা থেকে রোববার রাতে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

এ সময় তিন দালালকেও আটক করা হয়েছে। এরা হলন- বেলাল হোসেন, মো. জুয়েল ও দিদারুল আলম (২১)।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দালাল প্রতিজন রোহিঙ্গাকে ২০ হাজার টাকার বিনিময়ে নৌপথে মালয়েশিয়া নিয়ে যাবে বলে ভাসানচর থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে নিয়ে আসে।

“গত শনিবার গভীর রাতে ভাসানচরের ক্যাম্প থেকে ১০ রোহিঙ্গাকে নৌকায় তুলে সমুদ্রে এদিক ওদিক করে রোববার রাতে মিরসরাই উপকূলে নামিয়ে দেয় দালালরা। এসময় বঙ্গবন্ধু শিল্প নগরে কর্মরত নিরাপত্তা রক্ষীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে দেয়।”

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মানবপাচার আইন এবং বৈদেশিক নাগরিকতা সম্পর্কিত আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন।