২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচিতে পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 10:37 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

রোববার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানের বিপ্লব বেদীতে ফুল দেওয়া হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠানও হয়।

এছাড়া নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড়ের বড় গ্যারেজ এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বিএনপি।

কাজীর দেউরি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন বিএনপি নেতারা। চন্দনপুরা শাহী জামে মসজিদে জিয়ার জন্য দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

বিপ্লব উদ্যানের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, “জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক।

“জাতি যখন নেতৃত্বশূন্য হয়ে দিশেহারা, তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন। একাত্তরে হানাদার বাহিনীর অতর্কিত হামলায় নেতৃত্বহীন হয়ে পড়ে দেশের জনগণ। এমনি এক অনিশ্চয়তার মধ্যে ষোলশহর বিপ্লব উদ্যানে তিনি পাক বাহিনীর বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন। দেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান অবিচ্ছেদ্য অংশ।”

কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, সদস্য আশরাফ চৌধুরী, হারুন জামান উপস্থিত ছিলেন।