চট্টগ্রামে ‘কোভিডোত্তর জটিলতায়’ চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ডা. গোলাম মতুর্জা হারুণ নগরীর সিএসসিআর নামে বেসরকারি একটি হাসপাতালে শনিবার ভোর রাতে মারা যান।
তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি।
বিএমএ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, ডা. হারুণ চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে সেরে উঠলেও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই চিকিৎসক।
৭০ বছর বয়সী গোলাম মর্তুজা হারুণ দুই মেয়াদে বিএমএর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রাম শাখার সভাপতি এবং বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক উপদেষ্টাও ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হারুণ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ডা. গোলাম মর্তুজা হারুণের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী এক বিবৃতিতে শোক জানিয়েছেন।
