সাতকানিয়ার পাহাড়ে বুনোহাতির আক্রমণে যুবকের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গহীন পাহাড়ে হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের সুঁইপুরা পাহাড়ী এলাকা থেকে আবু সৈয়দ (২৩) নামের ওই যুবকরে লাশ উদ্ধার করা হয়।
আবু ওই এলাকায় পাহাড় পরিষ্কারের কাজ করতেন। তার বাড়ি উখিয়ার কুতুপালং এলাকায়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুঁইপুরা এলাকায় মাহমুদুল হক নামের একজনের লিজ নেয়া পাহাড় পরিষ্কারের কাজ করছিলেন আবু। সোমবারও পাহাড়ে কাজ করেছিলেন তিনি। সন্ধ্যায় ফিরে না আসায় তাকে তার মালিকের লোকজন খোঁজাখুঁজিও করেছিল।
মঙ্গলবার সকালে পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি আনোয়ার বলেন, “সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল এবং ওই পাহাড়ে হাতির আনাগোনা আছে। হাতির আক্রমণে সে মারা গেছে।”
ওসি বলেন, “আমরা জেনেছি আবু সৈয়দ রোহিঙ্গা নাগরিক। তার স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। তখন নিশ্চিত হওয়া যাবে সে রোহিঙ্গা কিনা।”
