করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে নয়জনের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে নয়জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে ২২৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২১ শতাংশ।
আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২০৪ জন এবং উপজেলাগুলোতে ২৪ জন রয়েছেন।
এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩১৯ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নগরীর ছয়জন এবং বিভিন্ন উপজেলার রয়েছে তিনজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে।
এর আগে গত ৮ এপ্রিল এবং গত বছরের ২ জুলাই চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ ছয়জন করে মারা গিয়েছিলেন করোনাভাইরাসে।
