২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট সাধারণের বেশে, নারীকে উত্ত্যক্তকারী গেলেন ফেঁসে

চট্টগ্রাম শহরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণ মানুষের মতো অবস্থান নিয়ে একজন নারী উত্ত্যক্তকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2020, 05:45 PM

Updated : 08 Apr 2022, 01:49 AM

দণ্ডিদ মো. রাসেল (২৫) নগরীর খুলশী থানার কুসুমবাগ ঢেবারপাড় এলাকার  বাসিন্দা।

শনিবার দুপুরে তাকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন রাসেল। ওই এলাকায় নিয়মিত নারীদের উত্ত্যক্ত করতেন তিনি।

এ খবর পেয়ে দুপুরে ঢেবারপাড় এলাকায় সাধারণ লোকের বেশে অবস্থান নেন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ওই পথ দিয়ে যাওয়ার সময় কর্মজীবী নারীদের উত্ত্যক্ত করার সময় রাসেলকে হাতেনাতে ধরা হয়।”

তিনি বলেন, এ সময় স্থানীয়দের উত্ত্যক্তের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলা হয়েছে।