২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর শিশু হত্যা: চট্টগ্রামে ৮ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে প্রায় তিন বছর আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণে পর হত্যার ঘটনায় আট জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 01:06 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার সোমবার এ রায় ঘোষণা করেন।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের জানান, ২০১৮ সালের জানুয়ারি মাসে আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার মা এই মামলা দায়ের করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মইনুল ইসলাম, বেলাল হোসেন, হাসিবুল ইসলাম, রবিউল ইসলাম, মোহাম্মদ হাসান, মো. সুজন, মো. মেহেরাজ ও শাহাদাত হোসেন। 

তাদের মধ্যে শাহাদাত হোসেন মামলার শুরু থেকেই পলাতক। কারাগারে থাকা বাকি সাতজনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়।

রায়ে আট আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা শিশুর মাকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি বিশ্বকলোনি এলাকায় একটি মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় নয় বছর বয়েসী মেয়েটি।

পরে খুঁজতে খুঁজতে রাতের বেলা ওই মাঠের পাশের একটি বাড়িতে শিশুটির লাশ পান তার মা। পরদিন আকবর শাহ থানায় আটজনকে আসামি করে মামলা করেন তিনি।  

তদন্ত শেষে ২০১৮ সালের ৯ অক্টোবর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২৬ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালত তাদের বিচার শুরু করে।

আইনজীবী এম এ নাসের জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে ছয়জন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

এ মামলার বিচারে মোট ১৯ জনের সাক্ষ্য নিয়ে আট আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে সোমবার রায় দিল আদালত।