২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে এবারও মঞ্চায়িত হবে ‘কাদামাখা মাইক্রোবাস’

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার রায়ের বাজার বধ্যভূমিতে এবারও মঞ্চায়িত হবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে রচিত নাটক ‘কাদামাখা মাইক্রোবাস’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 07:56 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

সোমবার সকাল ৮টায় বধ্যভূমিতে নাটকটি মঞ্চায়ন করবে চট্টগ্রামের নাটকের দল ‘থিয়েটার জয়বাংলা’।

এ নিয়ে টানা ষষ্ঠ বছর রায়ের বাজার বধ্যভূমিতে নাটকটি প্রদর্শিত হবে।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত অবলম্বনে নাটকটি রচনা করেছেন নাট্যকার প্রদীপ দেওয়ানজী।

দলটি গত ছয় বছর ধরে নিয়মিতভাবে চট্টগ্রামে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে নাটকটি মঞ্চায়ন করে আসছে।

নাটকটির নির্দেশক সাহিদ এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে নাটকের দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে। সকাল আটটায় রায়েরবাজারে এটি মঞ্চায়িত হবে।”

তিনি বলেন, “বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ নিয়ে নাটকটি রচিত। সকালে সবাই বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন। নাটকের সমস্ত ঘটনা এই বধ্যভূমিকে ঘিরে তাই আমরা আগতদের নাটকের মাধ্যমে সেসময়ের ঘটনা জানিয়ে দিই।”

নির্দেশক সাহিদ এমরানের নেতৃত্বে নাটকটি মঞ্চায়নের জন্য ১০ সদস্যের একটি দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। রায়েরবাজারে তারা মহড়াও করেছেন। 

এই নাটকে অভিনয় করছেন ফরিদা ইয়াসমিন আঁখি, হৃদয় দেব, জয় কুমার, তৌহিদুল আলম, ফারহানা কামাল, সৌরভ গুহ প্রমুখ।