২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন

চার বছর আগে প্রতিবেশী এক নয় বছরের মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 07:53 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডিত মো. আলমগীর হোসেনের (৬৪) বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে। চট্টগ্রামে তিনি থাকতেন বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকার একটি বাসায়।

ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে।

আলমগীর ঘটনার পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার উপস্থিতিতেই বৃহস্পতিবার রায় দেয় আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জুন বিকেলে প্রতিবেশী নয় বছর বয়সী এক শিশুকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন আলমগীর। ১৯ জুন তাকে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন ওই বৃদ্ধ।

প্রতিবেশীদের সন্দেহ হলে তারা বিষয়টি ওই শিশুর মাকে জানায়। মা জিজ্ঞেস করার পর শিশুটি পুরো ঘটনা খুলে বলে।

ওই বছরের ২৪ জুন শিশুটির মা আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২০১৬ সালের ১৮ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ২৫ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।