২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জব্দ করা ৩০০০ কেজি পেঁয়াজ নিলামে বিক্রি

চট্টগ্রামে একটি চোর চক্রের কাছ থেকে উদ্ধার করা তিন হাজার কেজি পেঁয়াজ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 08:05 PM

Updated : 10 Oct 2022, 07:38 PM

মঙ্গলবার নগরীর মনসুরাবাদ পুলিশ লাইনসে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে এই নিলাম হয়। প্রতি কেজির দাম ওঠে ৩৮ টাকা।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ ডিসেম্বর নগরীর মাঝিরঘাট এলাকা থেকে ট্রাকে করে নেওয়ার সময় ১২০টি বস্তায় তিন হাজার কেজি পেঁয়াজ জব্দ করা হয়।

“সে সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন সময়ে বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ খালাসের পর চট্টগ্রাম বন্দর থেকে বের করার সময় গাড়ি থেকে কয়েক বস্তা করে চুরি করত তারা। সেগুলো জমিয়ে রেখে তারা বাইরে বিক্রি করে দিত।”

পেঁয়াজ উদ্ধারের ঘটনায় নগরীর সদরঘাট থানায় একটি মামলা করে গ্রেপ্তার তিনজনকে সেদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আর পেঁয়াজ পচনশীল হওয়ায় সেগুলো নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয় আদালত।

সেই নির্দেশ অনুযায়ী অতিরিক্ত উপ-কমিশনার বকরকে প্রধান করে একটি নিলাম কমিটি গঠন করা হয়। সেই কমিটির তত্ত্বাবধানেই মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগ কার্যালয়ের সামনে নিলাম হয়।

পুলিশ কর্মকর্তা বকর জানান, চারজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে সাব্বির হোসেন নামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী ৩৮ টাকা কেজি দরে মোট এক লাখ ১৪ হাজার টাকায় ওই পেঁয়াজ কিনে নেন।

পেঁয়াজ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান এডিসি বকর।