২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বপরিচিতকে ডেকে নিয়ে আটকে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে সাইকেল ফিরিয়ে দেওয়ার কথা বলে সাবেক সহকর্মী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 06:57 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

মঙ্গলবার ভোরে নগরীর চকবাজার ডিসি রোডের বদি আলমের খামার বাড়ি এলাকা থেকে মো. লিটনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার লাঙ্গলকোটে লিটনের বাড়ি হলেও থাকেন চট্টগ্রামের বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকায়। ২০১৩ সালে নগরীর চকবাজারে ১০ টাকার জন্য এক যুবককে খুনের মামলার আসামি লিটন। কয়েক বছর কারাগারে থেকে তিনি জামিনে ছাড়া পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোশাক কারখানায় চাকরির সুবাদে গ্রেপ্তার লিটনের সাথে অপহৃত কৃষ্ণ সরকার নামে এক যুবকের পরিচয় হয়। কারখানা থেকে চাকুরিচ্যুত হওয়ায় গত ৩০ নভেম্বর কৃষ্ণ সরকার তার গ্রামের বাড়ি বাঁশখালী চলে যায়।

এ সময় সাবেক সহকর্মী লিটন পরদিন ফেরৎ দেওয়ার কথা বলে লিটনকে সাইকেলটি রেখে যেতে বলেন। রেখে যাওয়া সাইকেলটি কৃষ্ণ পরদিন ১ ডিসেম্বর লিটনকে ফোন করে ফেরৎ চাইলে তিনি ৭ ডিসেম্বর সাইকেল ফিরিয়ে দিতে চেয়ে আরও কিছু দিন রেখে দেন।

“সোমবার কৃষ্ণ বাঁশখালী থেকে তার সাইকেল ফেরৎ নিতে লিটনের কথা মতো বাকলিয়া এক্সেস রোডে আসেন। এ সময় লিটন তাকে কৌশলে চকবাজার ডিসি রোডের বদি আলমের খামার বাড়ির পুকুর পাড়ে নিয়ে আটকে রেখে মারধর করেন এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

“বিষয়টি কৃষ্ণ তার বড় বোনকে জানালে বিকাশে দুই হাজার টাকা পাঠায়। আরও টাকার জন্য লিটন তার বোনকে ফোন করে এবং কৃষ্ণকে মারধর করলে বাকলিয়া থানা পুলিশকে জানায় তার পরিবার।”

পরে কৃষ্ণের বোনের মাধ্যমে পুলিশ কৌশলে লিটনের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত হয় জানিয়ে ওসি নেজাম বলেন, ওই এলাকায় পুলিশ অভিযানে গেলে দুই সহযোগী পালিয়ে গেলেও পুলিশ দৌঁড়ে লিটনকে ধরে ফেলে।

পরে পুলিশ লিটনের কাছ থেকে সাইকেলটিও উদ্ধার করেছে বলে জানান ওসি।

এই ঘটনায় কৃষ্ণ বাদী হয়ে লিটন ও পলাতক তার দুই সহযোগীকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেছেন।