ঝগড়ার জেরে কিশোরকে গলাকেটে হত্যার চেষ্টা
টাকা নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামে এক কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা হয়েছে।
মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন টিঅ্যান্ডটি পাহাড়ের ওই ঘটনায় হেলাল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হেলালের বাড়ি চাঁদপুরে হলেও চট্টগ্রাম নগরীতে ভাসমান।
পুলিশ বলছে, আহত কিশোর ও গ্রেপ্তার যুবক দুইজনই ভবঘুরে। নেশার টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, টিঅ্যান্ডটি পাহাড়ে রায়হান ও হেলাল সলিউশন গাম দিয়ে নেশা করার সময় দুইজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হেলাল ওই কিশোরের গলায় ব্লেড চালায়।
আহত কিশোর গড়িয়ে পাহাড় থেকে মাটিতে নিচে পড়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হেলাল দুপুরে কোতোয়ালি থানায় জানায়, ওই কিশোর সকালে তাকে ঘুম থেকে তুলে টিঅ্যান্ডটি পাহাড়ে নেশা করতে নিয়ে যায়। এসময় সে আগের পাওনা ১০০ টাকা চাইলে কিশোর তাকে ব্লেড দিয়ে আঁচড়ে দিয়ে টাকা না দেওয়ার কথা বলে। সে সময় সে কিশোরের কাছ থেকে ব্লেড নিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, দুইজনই ময়লার গাড়ি টানার কাজ করে। যে টাকা পায় তা গাম কিনে নেশা করে।
“সকাল ১১টার দিকে টিঅ্যান্ডটি পাহাড় থেকে আহত কিশোর রাস্তায় গড়িয়ে পড়লে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের সহায়তায় রক্ত দেওয়াসহ তার চিকিৎসা চলছে।”
আহত কিশোরের কাছ থেকে তথ্য নিয়ে রেয়াজউদ্দিন বাজারের তিনপুল এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওই কিশোরের মা রেখা বেগম কোতোয়ালী থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
