২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকের টাকা নিয়ে ঝগড়ায়’ রিকশাচালক খুন

চট্টগ্রামে মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে কথাকাটির জেরে খুন হয়েছেন এক রিকশাচালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 06:40 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী জেলা পাড়া এলাকায় রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।

নিহত যুবকের নাম মো. মাহবুব (৩২)। ফরিদপুরের বাসিন্দা মাহবুব থাকেন চট্টগ্রাম নগরীর জেলে পাড়া এলাকায়।

এ ঘটনায় মোবারক (৩২) নামে আরেক যুবক আহত হয়েছেন।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহবুব ও মোবারক বন্ধু। মাহবুব রিকশাচালক হলেও মোবারক মাদকসেবী।

তিনি জানান, রোববার রাতে মোবারক স্থানীয় কিছু যুবকের কাছ থেকে মাদক সেবনের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় মোবারকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এরপর রাত ১০টার দিকে মোবারক বন্ধু মাহবুবকে সঙ্গে নিয়ে অন্য যুবকদের বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসে।

“পরে রাত ১১টার দিকে ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে মাহবুব ও মোবারককে ছুরিকাঘাত করে। গুরুতর আহত মাহবুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মোবারক ঘটনার পর থেকে পালিয়ে আছেন জানিয়ে পরিদর্শক রাশেদুল বলেন, তাকে পাওয়া গেলে অনেক বিষয়ে পরিস্কার তথ্য পাওয়া যাবে।

এ ঘটনায় মাহবুবের স্ত্রী সেতেরা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।

মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান রাশেদুল।