২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার

অর্থ আত্মসাতের ১৫টি মামলার সাজা পাওয়া চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 06:16 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

ঢাকার বনশ্রী এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসীম উদ্দিন (৫০) চট্টগ্রামের চকবাজার এলাকায় কাঠের ব্যবসা করতেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার জসীম উদ্দিনের বিরুদ্ধে আর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ১৯টি মামলা আছে। যার মধ্যে ১৫টি মামলায় তার সাজা হয়েছে। বাকী চারটি মামলা বিচারাধীন।

“চকবাজার অলিখাঁ মসজিদ এলাকায় একুশে টিম্বার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন জসীম। বিভিন্ন ব্যক্তির কাছে চেক জমা রেখে টাকা ধার নিয়ে সেগুলো আর পরিশোধ করতেন না। এভাবে করে তিনি কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন,” বলেন ওসি নেজাম।

সাজা পেয়ে ব্যবসা গুটিয়ে জসীম ঢাকায় আত্মগোপন করেছিল জানিয়ে ওসি বলেন, “চট্টগ্রামের বাকলিয়া এয়ার মোহাম্মদ স্কুল লেইনে জসীমের বাসা। সেখানে তাদের নিজস্ব ভবন আছে। ভবনের ভাড়ার টাকা তুলে তার স্ত্রী ঢাকায় পাঠাতেন। সেই টাকাতেই জসীমের  খরচ চলত।”

বাকলিয়া থানা পুলিশের একটি দল গত তিনদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে মঙ্গলবার রাতে বনশ্রী থেকে জসীমকে গ্রেপ্তার করে বলে জানান ওসি নেজাম।