রসায়ন অলিম্পিয়াড এবার ভার্চুয়ালি
করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়ার প্রায় আট মাস পর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার বাংলাদেশ রসায়ন সমিতি চট্টগ্রাম অঞ্চল আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে জানানো হয়।
দশম বারের মতো আয়োজিত হতে যাওয়া রসায়ন অলিম্পিয়াডে এই প্রথম ভার্চুয়াল পরীক্ষা হবে।
৬ নভেম্বর দেশব্যাপী নয়টি কেন্দ্রের অধীনে মোট ২২৬৮ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা হবে।
রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, দেশে গত প্রায় আট মাস যাবত কোভিড-১৯ এর মহাবিপর্যয়ে জনজীবন দারুণভাবে বিপর্যস্ত। তাই ১৩ মার্চ নির্ধারিত দিনে প্রতিযোগিতা স্থগিত করা হয়।
“অনলাইনে সব শিক্ষার্থী যাতে অংশ নিতে পারেন সেই ব্যবস্থা করে আবার অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।”
রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বেনু কুমার দে বলেন, রেজিস্ট্রেশন করেও যেসব শিক্ষার্থী তথ্য সঙ্কটের কারণে এখনও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি তারা নিজ নিজ কলেজের রসায়ন বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করলে প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, অলিম্পিয়াডে এক ঘণ্টার পরীক্ষা হবে। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। প্রথম ১০ জন জাপানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পাবেন। তার আগে তাদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।
এবার চট্টগ্রাম অঞ্চলের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে ড. শামসুদ্দিন এবং অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
১০ মার্চ সংবাদ সম্মেলন করে রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা স্থগিত করা হয়। এরপর কেন্দ্রীয় ভাবে অলিম্পিয়াড আয়োজন স্থগিতের ঘোষণা আসে।
