২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চট্টগ্রামে রসায়ন অলিম্পিয়াড স্থগিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার অনুষ্ঠেয় রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 03:08 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড: চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির কনভেনার অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াডে ৩০০ কলেজের আড়াই হাজার প্রতিযোগীসহ প্রায় তিন হাজার জনের সমাগমের প্রস্তুতি ছিল। অলিম্পিয়াডের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম উপস্থিত থাকার সম্মতি দিয়েছিলেন।

“দেশের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে সরকার মুজিববর্ষের জনসমাবেশের আনুষ্ঠানিকতা সীমিত করেছে। বাংলাদেশ রসায়ন সমিতি দেশব্যাপী ১৩ মার্চের প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে।”

জামালউদ্দিন আহমেদ বলেন, একইভাবে চট্টগ্রাম কলেজ ক্যম্পাসে পূর্ব নির্ধারিত রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার ওই দিনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

“প্রতিযোগিতার পরবর্তী তারিখ পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

আয়োজিক কমিটির চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব অধ্যাপক এনকেএম আকবর হোসাইন বলেন, রসায়ন শিক্ষাকে সারাদেশে জনপ্রিয় করতে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী করে আধুনিক রাষ্ট্র গড়তেই অলিম্পিয়াডের এই ধারাবাহিক আয়োজন করা হয়।

অন্যদের মধ্যে রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, আঞ্চলিক কমিটির প্যাট্রন আবুল হাসেম, সদস্য অধ্যাপাক জাহাঙ্গীর আলম, অধ্যাপক বন গোপাল চৌধুরী ও অধ্যাপক সুভাষ চন্দ্র দাশ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।