বন্ধ পাটকল চালুর দাবি শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতার
বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অবিলম্বে চালু করার দাবি উঠেছে চট্টগ্রামে একটি সভা থেকে।
সোমবার দুপুরে নগরীর জামালখানে বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর চট্টগ্রামে কার্যক্রম-২০২০ সম্পর্কে অবহিতকরণ সভায় এই দাবি জানানো হয়।
বিল্স লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টারের (এলআরএসসি) সদস্য সচিব ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী বলেন, “জুট মিলগুলোতে অনেক শ্রমিক কাজ করত। সরকার বলেছে এগুলো চালু করা হবে। কখন চালু হবে, আদৌ কখনো চালু হবে কিনা তা জানি না।
“অবিলম্বে এসব পাটকলগুলো চালু করা দরকার। এই পাটকলের শ্রমিক এবং পাটকলগুলো ঘিরে আশেপাশের এলাকার যে অসংখ্য মানুষের জনজীবন তা স্থবির হয়েছে। এগুলো শীঘ্রই চালু করা দরকার।”
বিল্স এলআরএসসি’র চেয়ারম্যান ও শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনও একই দাবি জানিয়ে বলেন, “আমরা একেক জন একেক রাজনৈতিক দল করি। কিন্তু শ্রমিকদের মধ্যে কোনো বিরোধ নেই। শ্রমিকদের স্বার্থও একই।”
করোনাভাইরাস মহামারীতে শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে শফর আলী বলেন, “পূর্ণাঙ্গ পরিসংখ্যান না থাকলেও করোনায় দেশে এক কোটি শ্রমিক সরাসরি ক্ষতিগ্রস্ত য়েছে। গাড়ি চালক-সহকারী, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক এরা সরাসরি বেশি ক্ষতির মুখে পড়েছে। কোনো কাজ পায়নি শুরুতে।
“গার্মেন্টস মালিকরা সরকারের সাথে দেন দরবার করেছে। প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ ঘোষণা দেয়ার পর পোশাক শিল্প মালিকরা শ্রমিকদের বেতন দিয়েছে। গার্মেন্টস মালিকরা কখনও নিজ থেকে শ্রমিকের বেতন দেন না। পণ্য রপ্তানি করে টাকা পেলে তারপর বেতন দেন।”
চট্টগ্রামে একাধিক রি রোলিং মিলে সম্প্রতি বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত ও আহত হওয়া এবং ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে শফর আলী বলেন, “এসব কারখানায় বয়লারের মেয়াদ পার হয়ে গেছে নয়ত মেরামত করা হয় না। মালিকরা শুধু বুঝে নিজের উপার্জন। কিন্তু শ্রমিকের প্রাণের মূল্য তাদের কাছে নেই।”
প্রবীন শ্রমিক নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, “কোনো শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে আমরা ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি। এসব ক্ষেত্রে এখনো মাত্র দুই লাখ টাকা দেয়া হয়। এটা দিতেও কার্পণ্য করে।
“শিপ ব্রেকিং শিল্পে আমাদের দাবির মুখে আন্দোলন সংগ্রামের কারণে এখন ছয়-সাত লাখ টাকা করে দেয়।”
তপন দত্ত বলেন, দেশে শিল্প ও শ্রমিক সংখ্যা দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকরা নাজুক পরিস্থিতিতে আছে। ক্ষমতাসীনরা ট্রেড ইউনিয়নকে ভয় পায়। কিন্তু ব্যাংকের অর্থ যারা নয় ছয় করে তাদের বিষয়ে কিছু হয় না।
“শ্রমিক স্বার্থ রক্ষায় সারাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি।”
অনুষ্ঠানে বিল্স এর সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য ও রিজওয়ানুর রহমান খান বক্তব্য রাখেন।
