চট্টগ্রামে এবার মণ্ডপে পুলিশ থাকবে না: সিএমপি কমিশনার
করোনাভাইরাস মহামারীর কারণে এবার চট্টগ্রামের পূজামণ্ডপগুলোতে কোন পুলিশ মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) সালেহ মোহাম্মদ তানভীর।
রোববার পূজা উদযাপন কমিটিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে সংবাদিকদের জানান তিনি।
প্রতিবছর নগরীর বিভিন্ন মণ্ডপে পূজা শুরু থেকে শেষ পর্যনন্ত স্থায়ীভাবে পুলিশ, আনসার মোতায়েন করা হয়ে থাকত। কিন্তু এবার মহামারীর কারণে শুধু টহল ব্যবস্থাপনার মাধ্যমে পূজার নিরাপত্তায় থাকছে পুলিশ।
সিএমপি কমিশনার বলেন, “কোন মণ্ডপে ‘স্ট্যাটিক’ পুলিশ ফোর্স থাকবে না, পেট্রোলিংয়ে মাধ্যমে পুলিশ দায়িত্বে থাকবে। কোন মণ্ডপের ভেতরে যেন এক সাথে ২০ থেকে ২৫ জনের বেশি লোক জড়ো না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
“এক্ষেত্রে প্রবেশ পথে ভিড় হতে পারে, সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে। পূজা মণ্ডপে দর্শনার্থীদের মাস্ক ছাড়া প্রবেশ করতে দেবেন না।”
পঞ্জিকা অনুযায়ী, ২২ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন, দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। পরদিন শুক্রবার সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। ২৬ অক্টোবর সোমবার মহাদশমীতে বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
কিন্তু মহামারীর দিনে এই দুর্গোৎসবে সেই আড়ম্বর আর থাকছে না, শারদীয় এই উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। পূজা উদযাপন পরিষদও স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের নির্দেশনা দিয়েছে বিভিন্ন মণ্ডপগুলোতে।
এবছর চট্টগ্রাম মহানগরীতে সবমিলিয়ে মোট পূজার সংখ্যা হচ্ছে ২৫২টি।
নগর পুলিশের পক্ষ থেকে ৩০টি নির্দেশনা দেয়া হয়েছে পূজা কমিটিগুলোকে। প্রতিবছরের মতো এবারও নিরাপত্তামূলক নির্দেশনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়ে আলাদা কিছু নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনার মধ্যে পূজার আরতি, পুষ্পাঞ্জলীসহ পালনীয় আচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করারও কথা বলা হয়।
বৈঠকে সিএমপি কমিশনার পূজা কমিটিগুলোকে আলোকসজ্জা, থিম ও ডিজে আয়োজন করা থেকে বিরত থাকতেও নির্দেশনা দেয়া হয়েছে।
যেকোন ধরনের ‘গুজব’ থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব রটানো হয়। এগুলো থেকে আপনারা সজাগ থাকবেন।
“কোন ধরনের গুজব দেখলে আমাদের জানাবেন। এতে করে আপনারাও আনন্দদায়ক থাকতে পারবেন এবং আমাদেরও উপকার হবে।”
পুলিশের নিরাপত্তামূলক নির্দেশনার মধ্যে নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখা, স্বেচ্ছা সেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি, ক্যাপ ও আমর্ডভ্যান্ড ব্যবহার করার কথাও বলা হয়েছে।
