সম্প্রীতি রক্ষায় সার্বক্ষণিক কাজ করছেন প্রধানমন্ত্রী: নওফেল
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে দাবি করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার বিকেলে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।
“আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গা পূজা উদযাপন করে আসছে। দুর্গা পূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন।”
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সুজিত দাশ, সহ-সভাপতি দিলীপ ঘোষ, দুলাল চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নটু কুমার চৌধুরী, মহিলা সম্পাদিকা রুমকি সেনগুপ্ত, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন টুটুল প্রমুখ।
