ধর্ষণকারীদের শাস্তি দাবি ছাত্রলীগের
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দ্রুততম শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, “ধর্ষক বা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। তাদের একটাই পরিচয় তারা অপরাধী।
“ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দ্রুততম সময়ে দৃশ্যমান সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাহলে আর এরকম ঘটনা ঘটবে না।”
নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, “ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয় বিচারটাই মুখ্য। ধর্ষকদের পরিকল্পিতভাবে রাজনৈতিক মোড়কদানকারীরা মূলত ধর্ষকের শাস্তি বাস্তবায়নের পথে বড় অন্তরায়।
“ধর্ষণকাণ্ডকে রাজনৈতিক রূপদানকারীদের একই অপরাধে অভিযুক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”
সমাবেশে নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, নোমান চৌধুরী, একরামুল হক রাসেল, জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি, যুগ্ন সাধারন সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক,অর্থ সম্পাদক হাসানুল আলম সবুজ, সম্পাদক মন্ডলীর সদস্য ওসমান গনি বাপ্পি, চাঁন্দগাও থানা ছাত্রলীগ সভাপতি নূরুন নবী সাহেদ,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
