দলে ঢুকে অপকর্মকারীদের ফাঁসি দিতে হবে: মাহতাব
দলের ভেতরে যে সব অনুপ্রবেশকারী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা ঘটনা চালিয়ে যাচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার ৪ নম্বর ওয়ার্ডের তিনটি ইউনিটের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাহতাব বলেন, “সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলের ভিতরে যে সকল অনুপ্রবেশকারী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ লোমহর্ষক ঘটনা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যক্রম সুনিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “দলের মধ্যে এখন অনেক নেতাকর্মীদের ভিড়। তাই যোগ্য, পরীক্ষিত ও ত্যাগীদের খুঁজে বের করতে না পারলে নেতৃত্বের সঙ্কট কখনও দূর হবে না। মনে রাখতে হবে কারও প্রশ্রয়ে-আশ্রয়ে কোনো সুবিধাভোগী যেন নেতৃত্বে আসতে না পারে। যারা প্রশ্রয় দিচ্ছেন তাকেও একইভাবে দন্ড ভোগ করতে হবে।”
নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “আমরা জানি দলীয় অবস্থান অনুকূল ও নিরাপদ হলেও অদৃশ্য অপশক্তি ফনা তুলছে। এদেরই কেউ কেউ হাইব্রিড হয়ে দলে ঢুকে পড়েছে। এদেরকে যারা দলে ঢুকিয়েছেন তারা বাংলাদেশের চেতনাগত ঐতিহ্যের নেগেটিভ ফোর্স। এদেরকে তৃণমূল স্তর থেকেই বাধা দিতে হবে।”
নাছির বলেন, “আমি বিশ্বাস করি তৃণমূল স্তরের পরীক্ষিত নেতাকর্মীরা নেতৃত্বের জায়গায় পদায়ন হবেন। এই তৃণমূল স্তরের নেতাকর্মীরাই চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করবে।”
চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের সভাপতি আলী আকবর, বি ইউনিটের সভাপতি শামসুল আলম, সি ইউনিটের সভাপতি ইদ্রিছ লেদুর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম প্রমুখ।
