২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে আটকের পর ‘চোরের’ মৃত্যু

চট্টগ্রাম বন্দরের ভেতরে পাঁচ ‘চোর’কে আটকের পর আহতাবস্থায় একজনের মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 09:53 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বন্দর কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ওই ‘চোররা’ আহত হন। 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের ভেতরে অকশান গোলার কাছে চোর সন্দেহে পাঁচজনকে আটক করে বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। 

মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ শামীম (৩৫)। আহত বাকি চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ জসিম (৩০), মো. ফারুক (২৭), শফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (৩৫)। 

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অকশন গোলার কাছে চুরি করতে আসলে নিরাপত্তাকর্মীরা পাঁচজনকে আটক করে। চুরি করে পালানোর সময় দেয়াল টপকানোর সময় পড়ে গিয়ে তারা আহত হয়।”

তিনি জানান, বিকালে তাদের বন্দর থানায় নিয়ে গেলে আহত হওয়ায় পুলিশ তাদের গ্রহণ করেনি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে সন্ধ্যায় একজন মারা যান। 

এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে পাঁচজনকে বন্দর থেকে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। 

বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, “চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে আমাদের ঘটনাটি জানানো হয়েছে। ওই পাঁচজন আহত হওয়ায় তাদের থানায় আনা হলেও গ্রহণ করা হয়নি।”