ধর্ষণ-দুর্নীতি বাংলাদেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করেছে: শাহাদাত
ধর্ষণ ও দুর্নীতি বাংলাদেশকে একটি অমানবিক রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার নগরীর নুর মোহাম্মদ সড়কে অনুষ্ঠিত মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শাহাদাত বলেন, “সরকারি দলের ছত্রছায়ায় ছাত্রলীগের ছেলেরা সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে নববধুকে গণধর্ষণ, নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে আওয়ামী সমর্থিত দেলোয়ার বাহিনী গণধর্ষণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ …. পুরো বাংলাদেশে যেন ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
“অপরাধীদের দৃশ্যমান কোনো বিচার না হওয়ার কারণে, ধর্ষণ এবং দুর্নীতি বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনাকালীন দুর্যোগময় এই সময়ও আওয়ামী সমর্থিত এইসব সন্ত্রাসীদের রাষ্ট্রীয় আশ্রয়ে-প্রশ্রয়ের কারণে ধর্ষণ এবং দুর্নীতি বাংলাদেশকে একটি অমানবিক ও অনৈতিক রাষ্ট্রে পরিণত করেছে।”
ধর্ষণের প্রতিবাদে এক কর্মসূচিতে শাহাদাত হোসেন (ফাইল ছবি)
“এ ঘটনায় গোটা জাতি বিক্ষুব্ধ। এতে দেশের নারী সমাজ ও অভিভাবক মহলে আতঙ্ক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে।”
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর মানববন্ধনে বলেন, “আজ দেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু নোয়াখালী বেগমগঞ্জে নয়, সারাদেশে এই ধরনের অসংখ্য অপকর্ম সংঘটিত হচ্ছে সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে।”
নগর মহিলা দলের জ্যেষ্ সহ-সভাপতি বেগম ফাতেমা বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন নগর মহিলা দল নেত্রী রাহেলা বেগম, সখিনা বেগম, রেজিয়া বেগম বুলু, গোলজার বেগম, তাসলিমা বেগম, মনোয়ারা বাবুল, ফরিদা আক্তার, জান্নাতুল নাঈম, খোদেজা বেগম।
