২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪০ টাকা কেজির কমে সবজি নেই

চট্টগ্রাম নগরীর বাজারে প্রায় সব সবজির দামই ঊর্ধ্বমুখী; সাপ্তাহিক ছুটির দিন বন্দর নগরীতে ৪০ টাকার নিচে কোনো সবজিই মেলেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 07:47 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

নিত্যদিনের প্রয়োজনীয় আলু বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। এমনকি মিষ্টি কুমড়া আর কাঁচা পেঁপেও প্রতি কেজির দাম ৪০ টাকা।

নগরীর সিরাজুদ্দৌলা সড়কের কাঁচা বাজারে খুচরায় প্রতি কেজি পটল ৭০ টাকা, শসা ৬০ টাকা, কাকরোল ৭০টাকা, ঝিঙ্গা ৭০টাকা, বেগুন ৭০টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, টমেটো ১০০টাকা কেজি দরে বিক্রি হয়।

শীতের সবজি বাজারে এখনো তেমন আসেনি। যে দুয়েকটি এসেছে তার মধ্যে খুচরা বাজারে শিমের কেজি ২০০ টাকা আর মূলা ৬০ টাকা।

এই বাজারের সবজি বিক্রেতা সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যার কারণে বাজারে এখন সবজির তেমন সাপ্লাই নাই। পাইকারিতেও দাম বেশি।

আরিফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, দুই সপ্তাহ আগের ২০ টাকার মিষ্টি কুমড়া এখন ৪০ টাকা কেজি। পটল, ঝিঙ্গা, বেগুন আর পটলের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

খুচরার সাথে পাইকারি বাজারে সবজির দামে পার্থক্যটা উল্লেখযোগ্য।

চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজারে শুক্রবার প্রতি কেজি আলু ৩০ টাকা, পটল ও কাঁকরোল ৪০ টাকা, মিষ্টি কুমড়ো ২৪ টাকা, মূলা ৪০ টাকা, শিম ১৪০ টাকা, শসা ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়।

রেয়াজউদ্দিন বাজারের মেসার্স পটিয়া বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগের তুলনায় তাই কম সবজি আসছে। তবে পাইকারির তুলনায় খুচরায় দাম অনেক বেশি।

শুক্রবার চট্টগ্রামের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বাজারে মুরগি ও ডিমের দোকানে ক্রেতার সারিই জানান দেয় দুর্মূল্যের বাজারে নাগালের মধ্যে আছে শুধু এ দুটি।

ডিম প্রতি ডজন ১০৮ টাকা, ফার্মের মুরগি ১০০ টাকা এবং সোনালি মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় বাজারগুলোতে।

নগরীর আলকরণ এলাকার বাসিন্দা মো. সাইফুল বলেন, বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়তি। এরমধ্যে সবজির দামও প্রতি সপ্তাহে বাড়ছে। তাই পরিমাণে কম কিনছি।

শুক্রবার বক্সিরহাট বাজারে ও রেয়াজউদ্দিন বাজারে আকারভেদে ইলিশ মাছ ৫০০ থেকে ৭৫০টাকা, তেলাপিয়া ১৪০টাকা, কৈ ১৩০ টাকা, পাবদা ৩৫০টাকা, রুই ২২০-২৫০ টাকা, আকারভেদে রূপচাঁদা ৫৫০-৭৫০ এবং কোরাল ৩৫০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।