প্রশাসক সুজনের পরামর্শক কমিটিতে নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের পরামর্শক কমিটিতে সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকেও রাখা হয়েছে।
শনিবার এই পরামর্শক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে।
এর আগে শুক্রবার পরামর্শক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
প্রশাসক সুজন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি। পরামর্শক কমিটিতে সাবেক মেয়রদের মধ্যে জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীও আছেন।
তবে সাবেক দুই মেয়র বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া মনজুর আলমের ঠাঁই হয়নি।
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
পরে ২১ মার্চ নির্বাচনের সপ্তাহখানেক আগে তা স্থগিত করা হয়। ৪ অগাস্ট প্রশাসক পদে সুজনকে নিয়োগ দেয় সরকার।
দায়িত্ব গ্রহণ করে প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ‘স্বপ্ন বাস্তবায়নের’ ঘোষণা দিয়েছিলেন সুজন।
এরপর বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য পরামর্শক কমিটি গঠনেরও ঘোষণা দেন।
আগের মেয়র নাছিরের সাথে একই সময়ে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ১৪ কাউন্সিলরের মেয়াদ শেষ হয়।
প্রশাসক সুজন কাউন্সিলরদের স্থলে কোনো সহায়ক পরিষদ গঠন করেননি। বরং সিটি করপোরেশনে কর্মরত উচ্চ পদস্থ তিন সরকারি কর্মকর্তার মাঝে ৪১ ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্ব বণ্টন করে দেন।
প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে পিসি রোডের কাজ শেষ না হওয়া, সৌন্দর্য বর্ধনে অনিয়ম, সিটি করপোরেশনের তেল বিতরণের অনিয়ম, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, বিশাল অঙ্কের দেনা, অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতি নিয়ে সরব হন খোরশেদ আলম সুজন।
এসব বিষয়ের বেশিরভাগই সদ্য সাবেক মেয়র আ জ ম নাছিরের সময়ে নেওয়া পদক্ষেপ।
এরপর পরামর্শক কমিটিতে নাছিরের সদস্য হওয়া চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় তিন দশক মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সুজন মহিউদ্দিনের মৃত্যুর পর নাছিরের ঘনিষ্ঠ হয়েছিলেন।
পরে অবশ্য ‘নাগরিক উদ্যোগ’ নামের একটি সংগঠনের ব্যানারে নগরীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব ছিলেন সুজন। না হওয়া সিটি নির্বাচনে দলের মেয়র পদে নাছির ও সুজন দুজনই মনোনয়ন চেয়েও পাননি।
পরামর্শক কমিটিতে আছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও পিকেএসএফের এমডি মো. আবদুল করিম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
আছেন স্থানীয় দুই পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. গৌতম বুদ্ধ দাশ, কমডোর জোবায়ের আহমদ, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, মুক্তিযোদ্ধা ও সাবেক আইজিপি নুরুল আলম, শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন, বিএসআরএম গ্রুপের পরিচালক আলী আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং ব্যবসায়ী নেতা এশিয়ান এপারেলস লিমিটেডের এমডি এম এ সালাম।
