ইয়াবাসহ বাসচালক ও সহকারী গ্রেপ্তার
চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ এক বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এছাড়া ১৫ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছে এক মোটরসাইকেল চালককে।
নগরীর বাকলিয়া এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই কক্সবাজার থেকে ফিরছিলেন।
গ্রেপ্তার আজিজুর রহমান (৪২) , মো. মানিক (২৯) শ্যামলী পরিবহনের বাস চালক ও তার সহকারী। গ্রেপ্তার অন্যজনের নাম জয়নাল আবেদীন (৩১)।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে র্যাব-৭ এর একটি দল শাহ আমানত সেতুর গোল চত্বরে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে থামার সংকেত দিলে সেটি থামায়।
“বাস থেকে নেমে চালক আজিজুর ও তার সহকারী মানিক পালানোর সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা বিশেষ কৌশলে গাড়ির ব্যাটারির সাথে রাখা ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা বের করে দেন।”
নগর গোয়েন্দা পুলিশের অভিযানে মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয় ১৫ হাজার পিস ইয়াবাসহ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আসিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার জয়নাল মোটর সাইকেলের তেলে ট্যাঙ্কে বিশেষ কৌশলে সে ইয়াবাগুলো রেখেছিল।
দুই ঘটনায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে বাকলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
