পলাতকদের ফিরিয়ে দণ্ড কার্যকরেই জাতি পাপমুক্ত হবে: রেজাউল
১৫ অগাস্ট ও ২১ অগাস্ট হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
বুধবার প্রেস ক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্যে তিনি এ দাবি করেন।
২১ অগাস্ট হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর ও বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, “অগাস্ট মাস এলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। কেননা এ মাসেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং শেখ হাসিনাকে হত্যার ব্যর্থ প্রয়াস সংঘটিত হয়েছিল।
“আমরা দৃশ্যমান অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। তাদের বিচারও হয়েছে। যারা নেপথ্যের কুশীলব ছিলেন তাদের বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেল হত্যা মামলা এবং গ্রেনেড হামলা মামলার দণ্ডিত অপরাধীরা যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারিক আদালতের রায় কার্যকর করলেই জাতি পাপমুক্ত হবে।”
দলে ঢুকে পড়া ‘হাইব্রিডদের’ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে রেজাউল বলেন, “এক্ষেত্রে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যারা মাঠে আছেন তাদেরকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুদ্ধি অভিযানে আমাদের সকলকে পাপমুক্ত করতে হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “তৎকালীন বিরোধী নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিএনপি-জামাত জোট সরকারের জঙ্গিবাদী অপতৎপরতার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন বলেই তাকে একাত্তরের পরাজিত শক্তিরা ২১ অগাস্ট উনাকে টার্গেট করেছিল।
“সে অপচেষ্টা ব্যর্থ হলেও এখনও জাতি শঙ্কামুক্ত নয়।”
বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কোন ছোটখাটো অজুহাতে নিজেদের মধ্যে বিভক্তি করা যাবে না।
“চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্ব ও নির্দেশনায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে যে ভিত্তিটি তৈরি করেছিলাম, তা আজ আলগা হয়ে গেছে। তা আজ সুদৃঢ় করতে হবে।”
সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, শ্রম সম্পাদক আবদুল আহাদ, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাবেক কাউন্সিলর এম এ নাসের, গণ আজাদী লীগের আহ্বায়ক নজরুল ইসলাম আশরাফী, বাংলাদেশ জাসদ চট্টগ্রাম নগর সভাপতি আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, মিথুন বড়ুয়া, হাবিবুর রহমান তারেক, সাবেক ছাত্রনেতা ইলিয়াছ উদ্দিন, সুজন, নাজমুস সাকিব প্রমুখ।
