২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহনে চাঁদাবাজি, চারজন গ্রেপ্তার

চট্টগ্রামে টমটম চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

বুধবার নগরীর চকবাজার থানার ধনিরপুল মোড় থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নূরুল হাকিম (২০), আলমগীর মিয়া (২৬), শহিদুল ইসলাম জায়েদ (৪৩) ও এসএম সামাদ (৩২)।

চকবাজার থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা চকবাজার সড়কে চলাচল করা টমটম (ব্যাটারিচালিত ইজি বাইক) চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে।

ওই রুটে চলাচল করা প্রতিটি টমটম চালকদের কাছ থেকে তারা দৈনিক ২০ টাকা করে নেন। উত্তোলন করা এসব টাকা তারা নিজেরাই ভাগাভাগি করে রাখেন বলে জানান ওসি।

ওসি রুহুল আমিন বলেন, “সকালে ধনির পুল মোড়ে দাঁড়িয়ে টমটম চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিল তারা। এসময় পুলিশ গিয়ে তাদের হাতেনাতে আটক করে এবং চাঁদার সাড়ে তিন হাজার টাকা জব্দ করে।”

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বল জানান ওসি।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার সবাই নিজেদের স্থানীয় যুবলীগের কর্মী বলে পরিচয় দেন। গ্রেপ্তার এসএম সামাদের হয়ে অন্যরা নিয়মিত চাঁদা আদায় করেন।

আগে ওই রুটে নিয়মিত চাঁদা আদায় করতেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুর অনুসারীরা। সামাদও টিনুর অনুসারী ছিলেন। টিনু র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর সামাদ এখন এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েছেন।

গ্রেপ্তাররা নিজেদের যুবলীগের কর্মী পরিচয় দিলেও ওসি রুহুল আমিন তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে অবগত নন বলে জানান।