২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক দুর্ভোগ লাঘবে ২৬ বছর পর স্কুটিতে সুজন

নব্বইয়ের দশকে ভেসপা চালিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিশেষ পরিচিতি ছিল চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনের, প্রায় ২৬ বছর পর তিনি আবার এই দুই চাকার বাহনে উঠলেন নগরীর সমস্যা সমাধানে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 10:01 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

করোনাভাইরাস মহামারীর মধ্যে সময়মতো নির্বাচন না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের চেয়ারে বসা খোরশেদ আলম সুজন নাগরিক সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে পথে নেমেছেন।

নতুন একটি স্কুটি কিনে তাতে চড়ে ছুটছেন ৬২ বছর বয়সী সুজন, তার পেছনে থাকছে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বহর। সিসিসির প্রকৌশল, সিভিল, ইলেকট্রিক্যাল, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছে এই দলে। তাদের সঙ্গে থাকছে সরঞ্জাম, যেখানেই ছোট-খাট সমস্যা দেখা দেবে তখনই তা মেরামত করা হবে।

‘নগর সেবা ক্যারাভান’ নাম দিয়ে সোমবার বিকেলে নগরীর বহদ্দারহাট আরাকান সড়ক এলাকায় এই যাত্রার সূচনা করেন খোরশেদ আলম সুজন।

এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, “নগরীর সড়ক ও জনপথ, ড্রেন, ফুটপাতে যে সমস্যা বিরাজমান তা মিটিং কিংবা কমিটি গঠন করে সময়ক্ষেপন না করে সরেজমিনে মাঠে থেকে তা স্পটে সমাধান করা হবে।

“ক্যারাভান কার্যক্রমের অধীনে চলতি পথে ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ যে সকল সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিকভাবে সমাধান করছি।”

এ সময় প্রশাসক পথচারীদের হাতে মাস্ক ও সাবান তুলে দিয়ে বলেন, “আজ এর প্রথম দিন। পরবর্তীতে সপ্তাহে অন্তত একদিন এই প্রোগ্রাম নিয়ে নগরীর অন্যান্য প্রধান সড়কগুলোতে যাব। প্রধান সড়কে সম্পন্ন হলে নগরের অলিগলিতে যাব।

“মূলত এই কর্মসূচির মাধ্যমে তাৎক্ষণিকভাবে নাগরিক সমস্যার সমাধান ও জনসম্পৃক্ততার চেষ্টা করব। শুনব তাদের অভিযোগ ও পরামর্শ।”

‘ক্যারাভানের’ শুরুতে নীল রঙের স্কুটি নিয়ে ছিলেন প্রশাসক সুজন। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন তার পেছনে গাড়িতে ও পায়ে হেঁটে।

নব্বইয়ের দশকে বন্দর নগরীর রাজপথে একটি ভেসপা চালিয়ে ঘুরে বেড়াতেন আওয়ামী লীগ নেতা সুজন। নগরবাসীর কাছে বহু বছর পর আবার সেই রূপে ফিরলেন তিনি।

এই যাত্রার পথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন সুজন। তাদের অভিযোগ শুনে তা সমাধানের দিক নির্দেশনা দেন।

এদিন বেশ কয়েক জায়গায় সড়কের গর্ত ভরাট ও আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় প্রশাসক সুজন বলেন, “নগরবাসীর দুর্ভোগ লাঘবে আমি তাৎক্ষণিক অ্যাকশনে নেমেছি। যে সকল স্থায়ী সমস্যাগুলো আছে তার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুসন্ধান করে যাচ্ছি।

“পরবর্তীতে যারা মেয়র পদে দায়িত্ব পালন করবেন তারা যাতে এই নির্দেশনা অনুযায়ী স্থায়ী সমাধান দিতে পারেন সেজন্য নগরবাসীর পরামর্শ এবং তাদের আবেদন নিবেদন আমি জ্ঞাত হতে চাই। এজন্য যে কেউ যে কোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এজন্য মুখিয়ে আছি।”

তিনি বলেন, “জনদুর্ভোগের যে কারণগুলো স্পষ্ট হয়ে উঠেছে তা চিহ্নিত করে সুরাহা করাটা আমার কর্তব্য। সুরাহা করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হব তা অবশ্যই অতিক্রম করে যাব। এই উদ্দেশ্য পূরণে নির্দেশন অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। ”

এ সময় সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফু, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৬ অগাস্ট প্রশাসক পদে দায়িত্ব নেন সুজন। তার মেয়াদ ১৮০ দিন।

দায়িত্ব গ্রহণের পর নগরীর পোর্ট কানেকটিং (পিসি) রোড মেরামতসহ ১৯টি সড়ক মেরামত কাজ শুরুর নির্দেশ দেন তিনি। পাশাপাশি নগরীর জলাবদ্ধতার শিকার কয়েকটি স্থান পরির্দশন করে খাল-নালা পরিষ্কারে নির্দেশনা দেন।