‘দুর্নীতির খোঁজে’ সিসিসি কিনছে বেসরকারি পাম্পের তেল
তেল বরাদ্দে ‘দুর্নীতি’ খুঁজে বের করতে স্টক যাচাইয়ে নিজস্ব ফিলিং স্টেশনটি বন্ধ রেখে বেসরকারি একটি পেট্রোল পাম্প থেকে কিছুদিনের জন্য তেল কিনছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
তবে লিটারে তিন টাকা বেশি দাম এবং নতুন প্রশাসকের ঘনিষ্ঠ ব্যক্তির মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে তেল কেনার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
বুধবার থেকে সিসিসির গাড়িগুলো নগরীর নয়াবাজার এলাকার হাককানী ফিলিং স্টেশন থেকে তেল নিতে শুরু করেছে।
সাগরিকা এলাকায় সিসিসি’র নিজস্ব ফিলিং স্টেশন আছে। সরকারি মেঘনা পেট্রোলিয়াম থেকে ওই স্টেশনে তেল নেয়ার পর তা করপোরেশনের যান্ত্রিক বিভাগের দেওয়া বরাদ্দ স্লিপ অনুসারে সিসিসি’র মালিকানাধীন গাড়িতে বরাদ্দ দেওয়া হয়।
‘স্টক ভেরিফিকেশন’ এবং ‘মেনটেইনেন্সে’র জন্য সিসিসি’র নিজস্ব ফিলিং স্টেশন এক সপ্তাহ বন্ধ থাকবে।
এক সপ্তাহের কথা বলা হলেও সিসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ কাজে কিছু বেশি সময় লাগতে পারে।
জ্বালানি তেল বরাদ্দে কোনো ‘অনিয়ম ও দুর্নীতি’ হয়েছে কিনা তা এই সময়ের মধ্যে যাচাই করতে একটি কমিটি গঠন করেছে সিসিসি। এই কমিটি রোববার থেকে কাজ শুরু করবে।
মেঘনা পেট্রোলিয়াম থেকে ৬২ টাকা দরে ডিজেল কিনলেও বেসরকারি হাককানী থেকে তা কেনা হচ্ছে ৬৫ টাকা লিটার দরে।
হাককানী ফিলিং স্টেশনের মালিক আবদুল কাদের ‘মেয়র হজ্ব কাফেলা’র পরিচালক। এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন, যিনি এক সপ্তাহ আগেই সিসিসি’র প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠান থেকে তেল কেনার বিষয়ে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টক ভেরিফিকেশন ও মেনটেইনেন্সের জন্য আমাদের পেট্রোল পাম্পটি এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।
“এরমধ্যে কমিটি কাজ করে রিপোর্ট জমা দিলেই আবার আগের ব্যবস্থায় ফিরে যাব। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান যদি থাকত যারা আমাদের প্রতিটি গাড়িতে পাঁচ লিটার, ১০ লিটার করে তেল দিবে তাহলে আমরা বেসরকারি প্রতিষ্ঠানে যেতাম না।”
বিভিন্ন ধরনের প্রায় ৮৪৫টি যানবাহন আছে সিসিসির। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতির জন্যও জ্বালানি তেল প্রয়োজন হয়।
গত অর্থবছরে মেঘনা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের প্রায় ২৫ কোটি টাকার জ্বালানি তেল কেনে সিসিসি।
সিসিসি’র কাছে তেল বিক্রি করতে হাককানী পেট্রোল পাম্পের ব্যবস্থাপক প্রণব দে স্বাক্ষরিত এক চিঠিতে চারটি শর্ত দেয়।
এগুলো হলো- তাদের বিল থেকে ভ্যাট ও ট্যাক্স কাটা যাবে না, ক্রেডিট মেমোতে স্বাক্ষরকারীর নমুনা স্বাক্ষর ও সিলসহ নির্দিষ্ট গাড়ির নম্বর প্রেরণ, অপব্যবহার এড়াতে ক্রেডিট মেমো বই যথাযথভাবে সংরক্ষণ করা এবং প্রতিদিন বিল দেয়া হবে ও সেই বিল তিন দিনের মধ্যে শোধ করতে হবে।
খোরশেদ আলম সুজন
এ বিষয়ে জানতে চাইলে প্রশাসক খোরশেদ আলম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতির সিন্ডিকেট ধ্বংস করতে এ উদ্যোগ নিয়েছি। নানা অনিয়মের অভিযোগ আমার কাছে আছে। বসে থাকা গাড়িতেও তেল দেয়া হয়। যার কম দরকার তাকে বেশি দেয়া হয়। চুরির অভিযোগও এসেছে।
“এখন দৈনন্দিন কাজ তো চালাতে হবে। গাড়ি বন্ধ করে দিয়ে সব রকম কাজ থামিয়ে দিতে পারি না।”
হাককানী থেকেই কেন তেল নেওয়া হচ্ছে- জানতে চাইলে সুজন বলেন, “করপোরেশনের দেনার যে অবস্থা কেউ তেল-পাথর কিছু বিক্রি করতে চাইছে না। আবদুল কাদের আমার পরিচিত, উনাকে বলেছি- বিশ্বাস করুন, টাকা দিয়ে দিব। তারপর উনি রাজি হয়েছেন।”
বেশি দামে তেল কেনার বিষয়ে সুজন বলেন, “যেটা বাড়তি বলছেন সেটা ভ্যাট-ট্যাক্স হিসেবে সরকারের কোষাগারে চলে যাবে। অনিয়ম বন্ধ করতে পারলে করপোরেশনের অনেক টাকা সাশ্রয় হবে।”
এনিয়ে যারা কথা বলছেন, তাদের বিষয়ে আওয়ামী লীগ নেতা সুজন বলেন, “দুর্নীতির বেনিফিশিয়ারিরা এসব নিয়ে কথা বলছে। কাজ করতে দিন, সব কিছুর ব্যাখ্যা পাবেন।”
জ্বালানি তেল সংগ্রহ, বিতরণ ও স্টক যাচাইয়ে গঠিত কমিটির আহ্বায়ক তত্ত্বাবধাযক প্রকৌশলী মো. আবু ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব নথিপত্র ও স্টক যাচাই করে প্রতিবেদন তৈরি করতে রোববার থেকে কাজ শুরু করা হবে।
