২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পুলিশ হাসপাতালের শতবর্ষী ভবন কোভিড-১৯ রোগীদের জন্য

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী পুরনো ভবনকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2020, 11:33 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

১০৫ বছরের পুরনো এ ভবনকে আধুনিকায়ন করে ‘হেরিটেজ ভবন’ নামকরণ করা হয়। যেখানে কোভিড-১৯ রোগীদের জন্য আলাদা ৫০ শয্যা তৈরি করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান এর উদ্বোধন করেন।

পুলিশের কোভিড-১৯ আক্রান্ত সদস্যরা এ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন। সেখানে তাদের অক্সিজেন সুবিধাসহ বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করারও ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে পুরুষ এবং নারী ও শিশুদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।

১০০ শয্যার চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের দুটি ভবনের মধ্যে একটি ভবন শতবর্ষী পুরনো। ১৯১৫ সালে এ ভবনটি নির্মিত হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় পুলিশ হাসপাতালের ১০০ শয্যার মধ্যে পুরনো ভবন আলাদাভাবে আধুনিকায়ন করে ৫০টি শয্যা কোভিড-১৯ রোগীদের জন্য আলাদা করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্তদের নমুনা সংগ্রহের পাশাপাশি আলাদাভাবে এক্স-রে, ইসিজিসহ সব ধরনের পরীক্ষা এ হাসপাতালে করা হবে।

হেরিটেজ ভবনের নামকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমীর জাফরসহ বিভিন্ন কর্মকর্তারা।