২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় শ্রমিকের লাঠির আঘাতে ঠিকাদারের ছেলের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি নির্মাণকাজ নিয়ে কথা কাটাকাটির জের ধরে থাপ্পড়ের জবাবে শ্রমিকের লাঠির আঘাতে ঠিকাদারের ছেলের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 04:02 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে।

নিহত বেলাল হোসেন ওরফে সুজন (২৫) হাজী পাড়ার ইউনুসের ছেলে। সেখানকার একটি মসজিদ নির্মাণে তিনি ঠিকাদারের কাজ করছেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই এলাকার বাসিন্দা জামশেদ (২২) সেখানে নির্মাণকাজে ছিলেন। সকালে বাবার হয়ে কাজ দেখতে আসেন বেলাল। জামশেদ কাজে না দেখে তার কারণ জানতে চান।

“তখন কথা কাটাকাটির এক পর্যায়ে বেলাল জামশেদের গালে থাপ্পড় দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। থাপ্পড় খেয়ে জামশেদ সেখান থেকে চলে গেলেও পরে একটি দোকানের সামনে দাড়াঁনো বেলালকে পেছন থেকে গাছের ডাল লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”

স্থানীয়রা বেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান পরিদর্শক মাহবুব।