২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চট্টগ্রামে শনাক্ত সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রামে আরও ১৭৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫৮৫ জন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 01:55 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৭৮১টি নমুনা পরীক্ষার ফল তারা হাতে পেয়েছেন।

এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৮১টি। তাতে ৪৯ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তাদের মধ্যে ৩৩ জন চট্টগ্রাম শহরের এবং ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ২৮ জন এবং বিভিন্ন উপজেলার ১২ জন।

একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। যাদের মধ্যে উপজেলার তিনজন এবং ৫১ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ২০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।

অপরদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৩টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে নগরীর ১১ জনের করোনাভাইরাস পজিটিভ হয়।

এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ১৭টি নমুনা করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২৯ জন। এই নিয়ে সুস্থ হয়েছেন ৪৩১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন; মোট মৃতের সংখ্যা ১২৪।