২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছে এস আলম গ্রুপ

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট বসিয়ে দিচ্ছে এস আলম গ্রুপ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 09:02 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার মেডি ট্রেড নামের একটি প্রতিষ্ঠানকে অক্সেজেন সরবরাহ লাইন স্থাপনের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে গ্রুপের পক্ষ থেকে। এ কাজের জন্য গ্রুপটি প্রায় ৮৫ লাখ টাকা খরচ করবে।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের চেয়ারম্যানের উদ্যোগে এ প্ল্যান্ট করে দেয়া হচ্ছে। আমরা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে কার্যাদেশ দিয়ে দিয়েছি।”

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ সরবরাহ লাইন চালু হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, “এতে করে শ্বাসকষ্টসহ জটিল রোগীরা আগের চেয়ে ভালো অক্সিজেন সুবিধা পাবে।”

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

১০টি আইসিইউ ছাড়াও হাসপাতালের দেড়শ শয্যায় রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে রোগীদের বোতলজাত অক্সিজেন দিয়ে সেবা দেয়া হলেও কোনো কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইন এতদিন ছিল না।

শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে।