২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর আগের মতো চলা যাবে না: তথ্যমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগের মতো চললে সরকারের পক্ষে হাসপাতাল, আইেসোলেশন সেন্টার বানিয়েও মানুষকে রক্ষা করা কঠিন হয়ে যাবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 09:52 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শনিবার বিকালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ‘সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “উন্নত দেশগুলোও মাসের পর মাস বন্ধ রাখেনি, সেখানেও খুলে দেয়া হয়েছে। সেখানে এখনও মানুষ মৃত্যুবরণ করছে করোনাভাইরাসে। এখনও প্রতিদিন শতশত, হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, এরপরও তারা লকডাউন শিথিল করেছে, কাজকর্ম শুরু করেছে।

“তার মানে এই নয় করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার আগে যেভাবে চলতাম সেভাবে এখনও চলব। আমরা কাজ করব নিজেকে স্বাস্থ্যগতভাবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সুরক্ষিত রেখে, তাহলেই আমাদের সম্মিলিত প্রচেষ্টাতে আমরা এই মহামারীকে মোকাবেলা করতে পারব।”

মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের দেশ উন্নত দেশ নয়, উন্নত দেশ না হওয়া সত্ত্বেও আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার উন্নত দেশ থেকে কম।”

পৌনে এক কোটি মানুষের শহর চট্টগ্রাম উল্লেখ করে তিনি বলেন, “প্রতিদিন আরো বিশ লাখ মানুষ এখানে যাতায়াত করেন। ইতিমধ্যে চট্টগ্রামে চার হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। শুরুতে চট্টগ্রাম শহরে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার অনেক সঙ্কট ছিল। এখনো তা কেটে গেছে তা নয়, সঙ্কট আছে। শুরুতে এখানে কোনো ভেন্টিলেশন সুবিধাই ছিলনা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য। এরপরই জেনারেল হাসপাতালে ১০টি ভেন্টিলেশনসহ এখন ১৫০ বেডে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চারটি ভেন্টিলেশন সিস্টেম দিয়ে শুরু করেছে, সহসাই তারা ভেন্টিলেশন ১০টিতে উন্নীত করবেন।

“চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬টি ভেন্টিলেটর আছে সেখানে আরো বাড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু হয়েছে, সেখানেও সবগুলো ভেন্টিলেটর চালু করার চেষ্টা চলছে। ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হয়েছে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালেও রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে।’’

হাছান মাহমুদ বলেন, “তথ্য উপাত্ত ঘেঁটে যতটুকু জেনেছি সব রোগীকে ভেন্টিলেটর দিতে হয়না, আশি ভাগ করোনা রোগী ঘরেই চিকিৎসা নিয়ে ভালো হয়। ১০ ভাগের মতো রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে, তার মধ্যে জটিল রোগীর সংখ্যা আরো কম।

“কিন্তু রোগী যেভাবে বাড়ছে সেজন্য আমাদের আইসোলেশন সেন্টার দরকার। অনেকের উপসর্গ খুব কম হলেও দুই কক্ষের বাসায় আইসোলেশনে থাকা সম্ভব নয়। সেখানে যদি তাকে আইসেলেশনে রাখা হয় ঘরের অন্যদেরও অসুবিধা হয়। সেই ক্ষেত্রেও আইসোলেশন সেন্টারের দরকার আছে। আবার হালকা চিকিৎসারও দরকার আছে।”

তিনি বলেন, এ ধরনের আইসোলেশন সেন্টারে যদি কেউ থাকে তাহলে পরিবারের যেমন সুবিধা হয়, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেয়াও সম্ভব হয়। সেজন্য সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে সেজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সভাপতির বক্তব্যে মেয়র নাছির উদ্দিন বলেন, “চার ধরনের করোনা ভাইরাস পজিটিভ রোগী থাকে। এর মধ্যে ক্রিটিক্যাল রোগীদের আইসিইউ ও ভেন্টিলেটর দরকার হয়।বাকিরা অক্সিজেন পেলে সারভাইভ করতে পারে।”

তিনি এ রোগ নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “নগরবাসীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব- আপনারা সচেতনতার পরিচয় দেবেন, সতর্কতা অবলম্বন করবেন। সরকার আপনাদের পাশে আছে। অহেতুক ঘোরাঘুরি করবেন না। প্রয়োজনে বের হলে মাস্ক পড়তে হবে। মুহূর্তের জন্যও নাক মুখ থেকে মাস্ক সরাবেন না।”

আইসোলেশন সেন্টার করার জন্য সিটি হলের স্বত্বাধিকারী সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক লিখিতভাবে এটি ব্যবহারের জন্য চসিককে সম্মতি দিয়েছেন। এখানে ২১০টি শয্যা রাখা হয়েছে পুরুষদের জন্য, ৪০টি শয্যা নারী রোগীর জন্য।