হালদায় বড়শিতে মা মাছ শিকার
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এবার বড়শি দিয়ে মা মাছ শিকারের প্রমাণ পেয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার বড়শি দিয়ে ১১ কেজি ওজনের একটি কাতাল মাছ শিকার হয় নদীর ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ির টেক এলাকায়।
এ ঘটনায় ক্রেতার কাছ থেকে মাছটি উদ্ধার করা হয়েছে।
আর শিকারী মো. ইউনুচ সোহেলকে ১২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে হালদায় তেমন জাল দেখতে না পেয়ে সন্দেহ হলে খোঁজ নিই।
“তখন জানতে পারি, জালের পরিবর্তে বড়শি ব্যবহার করে শিকারীরা মাছ ধরছে। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা জানান, ডিম ছাড়ার পর মা মাছের খাবারের চাহিদা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে।”
এমন তথ্য পেয়ে শনিবার সকালে অভিযান পরিচালিত হয়।
রুহুল আমিন বলেন, বেলা পৌনে ১১টার দিকে ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকায় গিয়ে দেখি স্থানীয় কয়েকজন সেখানে বড়শি দিয়ে মাছ ধরছে।
“তাদের ধরতে দৌড় দিলে শিকারিরা ছয়টি বড়শি ফেলে পালিয়ে যায়। সেখানকার কৃষকরা জানান, সকাল ১০টার দিকে ১১ কেজি ওজনের কাতাল মাছ ধরা হয়েছে।”
এরপর অভিযান দলের সাথে থাকা ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর সহযোগিতায় মাছটি ক্রেতার সন্ধান মেলে।
“তাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। আর কখনো হালদার মা মাছ শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।”
উদ্ধার করা মা মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এরআগে শুক্রবার দুপুরে হালদা নদীর নাঙলমোড়া ইউনিয়ন সংলগ্ন অংশ থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিন নৌকাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর নদীর ধলই সংলগ্ন অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জালও জব্দ করে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে অভিযান দল।
সম্প্রতি হালদায় মারা যাওয়া কমপক্ষে দুটি ডলফিনের মুখে ঘের জাল পাওয়া গেছে।
