২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ৪৬৮ জন আক্রান্ত

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৪৬৮ জন সদস্যের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মিন্টু চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 02:33 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), জেলা পুলিশ, র‌্যাব-৭, চট্টগ্রাম শিল্প পুলিশ, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিসংখ্যান মিলিয়ে আক্রান্তের এ সংখ্যা পাওয়া গেছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ঝুঁকি এড়াতে ‘সব ধরনের ব্যবস্থা’ নেওয়া হলেও পেশার তাগিদে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংক্রমণ বেশি হচ্ছে।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪৬ জন, চট্টগ্রাম জেলা ও মহানগর পুলিশের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় সব মিলিয়ে চার হাজার ৩৮৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ১০৪ জন।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহানগর পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ২০৬ জন।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য রয়েছেন তাদের মধ্যে।

এ পর্যন্ত সিএমপির তিনজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

সিএমপির বিশেষে শাখার উপ-কমিশনার আবদুল ওয়রিশ জানান, আক্রান্তদের মধ্যে ৬৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন; বাকিরাও সুস্থ হওয়ার পথে।

চট্টগ্রাম জেলা ‍পুলিশে এ পর্যন্ত ১৪৭ পুলিশ সদস্যের সংক্রমণ ধরা পড়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান।

তিনি বলেন, জেলা পুলিশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে কাজে ও বাড়িতে ফিরে গেছেন ১৭ জন; দুইজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

র‌্যাব-৭ এ আক্রান্ত হয়েছেন ৫২ জন। মেজর থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সদস্য রয়েছেন আক্রান্তদের মধ্যে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তাদের ১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান। 

শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের সুপার উত্তম কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ৪৬ জন সদস্য আক্রান্ত হয়েছেন, ৪০ জন সুস্থ হয়ে উঠছেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম ও কুমিল্লা মিলিয়ে তাদের ১৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে গেছেন, বাকিরাও সুস্থ হওয়ার পথে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সুপার নওরোজ হাসান তালুকদার জানান, তাদের তিন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তারা হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয় বলে তারা বেশি আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে যত ধরণের পদক্ষেপ নিতে হয়, তার সবকিছুর সাথেই পুলিশ সদস্যদের সম্পৃক্ত থাকতে হচ্ছে।

“বিশেষ করে কেউ আক্রান্ত হওয়ার পর আইসোলেশন নিশ্চিত করা, ভবন অবরুদ্ধ করা, হাসপাতালে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এছাড়া সাধারণ অপরাধের ঘটনাতেও জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হয়।’’

সে কারণে বিভাগ হিসেবে পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেন আবদুল ওয়ারিশ।

তবে ‘দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ায়’ অনেকেই সুস্থ হয়ে উঠছেন মন্তব্য করে তিনি বলেন, দামপাড়া পুলিশ হাসপাতালসহ নগরীর বিভিন্ন কোভিড-১৯ হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসা নিচ্ছেন।

সংক্রমণের ঝুঁকি কমাতে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের আরও বেশি সচেতন থাকার পাশাপাশি শারীরিক দূরত্বের নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে অনুরোধ করা হয়েছে বলে জানান আবদুল ওয়ারিশ।