২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব ছড়ালে শাস্তি: তথ্যমন্ত্রী

করোনাভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ‘জনস্বার্থে’ সরকার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 02:48 AM

Updated : 18 Aug 2022, 03:10 PM

মঙ্গলবার রাজধানীতে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের কোভিড-১৯ হাসপাতাল ‍উদ্বোধনের সময় তিনি একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে সারা পৃথিবীতে ভেন্টিলেশন ইউনিটের সংকট ছিল। একারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ৬৫ বা তদূর্ধ্ব বয়সের মানুষের চেয়ে অপেক্ষকৃত তরুণদের ভেন্টিলেশন ইউনিটের মাধ্যমে চিকিৎসার অগ্রাধিকার দেয়া হয়েছিল।

“মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে ও অন্যান্য অঙ্গরাজ্যে পিপিইর জন্য বিক্ষোভ হয়েছে। কানাডায় ও ইউরোপের বিভিন্ন দেশে মাস্কের সংকট ছিল। আমাদের দেশে এধরণের সংকট হয়নি। বরং দু’দিন আগে নাইজেরিয়া বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ঔষধ, পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী নিয়ে গেছে। আমরা এসকল সুরক্ষাসামগ্রী মালদ্বীপেও পাঠিয়েছি।”

তিনি বলেন, “এসত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অনেক সময় নানা গুজব ও অপপ্রচার দেখা যায়। করোনাভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব, আতংক বা অপপ্রচার ছড়ানো ফৌজদারি অপরাধ, যা শাস্তিযোগ্য। ইতোমধ্যে এধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতে ঘটলেও সরকার ব্যবস্থা নেবে।”

চট্টগ্রামের করোনাভাইরাস চিকিৎসা পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক নিয়মানুসারে যে ১০ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয় চট্টগ্রামে করনোভাইরাস সংক্রমণের সংখ্যানুপাতে সে জন্য পর্যাপ্ত সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা আছে।

মন্ত্রী এসময় করোনা ইউনিট চালুর জন্য ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

১০০ শয্যার এই কোভিড-১৯ ইউনিটে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকারের পাশাপাশি সাধারণ মানুষও ভর্তি হতে পারবেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের ইনসপেক্টর জেনারেল বেনজীর আহমেদ ও ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পক্ষে ট্রাস্টি বোর্ড সদস্য প্রকৌশলী নূর ই জান্নাত আয়েশা ইসলাম দীনা প্রমুখ।