কৃত্রিম সঙ্কটে বাড়ছে নেবুলাইজারের দাম
চট্টগ্রামে ব্যবসায়ীরা অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সঙ্কট তৈরি করে নেবুলাইজারের দাম বাড়াচ্ছেন বলে প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন।
সোমবার এ অভিযোগে তিনটি দোকানকে দুই লাখ টাকার বেশি জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নগরীর সদরঘাট ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেইট, আআন্দরকিল্লা ও প্রবর্ত্তক এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাকালীন সময়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। ব্যবসায়ীরা সিলিন্ডারের কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিটি সিলিন্ডারে ১০ থেকে ১৫ হাজার টাকা করে বেশি নিচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি। আবার মিটারের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা।”
উমর ফারুক জানান, সকালে তিনি সদরঘাট, প্রবর্ত্তক ও আন্দরকিল্লা এলাকায় পাঁচটি দোকানে অভিযান চালান। তার মধ্যে দুইটি দোকান বন্ধ ও দুইটি দোকানে সিলিন্ডার পাওয়া যায়নি।
তবে সদরঘাটে ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্ক নামে একটি দোকানে প্রতি সিলিন্ডারে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
"ওই দোকানে বড় সিলিন্ডারগুলো প্রদর্শনে রেখে ছোট বোতলগুলো ভেতরে মজুদ করে কৃত্রিম সংকট দেখাচ্ছে। বিভিন্ন জনের কাছে বিভিন্ন দামে বিক্রি করছে।"
উমর ফারুক জানান, দোকান মালিককে তার ক্রয় রশিদ দেখাতে বলা হলে তাতে কোন ধরনের দাম লেখা ছিল না। সেজন্য দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে চমেক হাসপাতালের পূর্ব গেইটে আলাদা একটি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার।
তিনি জানান, ফ্যাক্টরি থেকে সিলিন্ডার রিফিলিং খরচ ৩০ থেকে ৩৫ টাকা হলেও হাসপাতাল গেইটের দোকানগুলোতে পাঁচ থেকে ছয়'শ টাকা করে। এছাড়া ৮০০ থেকে এক হাজার টাকার পাল্স হেক্সিলেটর বিক্রি করা হচ্ছিল তিন হাজার টাকায়।
এই অভিযোগে চমেক হাসপাল গেইটের সাহান মেডিকোকে এক লাখ টাকা ও অপর একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট শিরীণ।
