২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ইউপি সদস্য খুনের মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে খিরাম ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2020, 02:32 PM

Updated : 18 Aug 2022, 03:04 PM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরী থেকে চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান।

খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জব্বারের (২৮) বাড়িতে হামলা চালিয়ে সোমবার সকালে তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর ফেব্রুয়ারিতে নবগঠিত ইউনিয়ন পরিষদটিতে নির্বাচনের পর থেকে চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। জব্বার বর্তমান চেয়ারম্যানের প্রতিপক্ষের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

চেয়ারম্যান সোহরাব নিজেও গত ১৮ মার্চ প্রতিপক্ষের হামলার মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন।

ওসি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জব্বারকে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন, যেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরও অন্তত ৩২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর সোমবার একজনকে এবং মঙ্গলবার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

পুরনো খবর:

ফটিকছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ