চট্টগ্রামে হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামি পুলিশের ‘অস্ত্র উদ্ধার’ অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী বালুর টাল এলাকায় রোববার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার এসআই আরিফুর রহমান মজুমদারের ভাষ্য।
নিহত শওকত হোসেন (৪৫) চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুদিন আগে জাকাতের টাকা বিতরণকে কেন্দ্র করে গুলি করে একজনকে হত্যা মামলার আসামি ছিলেন তিনি।
হত্যাকাণ্ডের পর শওকত ও তার ভাই মো. জসীমকে আটক করে পুলিশ; তাদের কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র এবং ধারলো অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত নাছেরের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে শওকত ও তার ভাই জসীমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আর পুলিশ বাদী হয় অস্ত্র আইনে আলাদা একটি মামলা করে।
এসআই আরিফ বলেন, শওকতের কাছে ‘আরও কিছু অস্ত্র থাকার তথ্য’ পেয়ে তাকে নিয়ে রোববার ভোরের দিকে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল।
“ফকিরাখালী বালুর টাল এলাকায় যাওয়ার পর সেখানে অবস্থান নিয়ে থাকা শওকতের পক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির মধ্যে শওকত গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে তার লোকজন পালিয়ে যায়।”
পরে গুলিবিদ্ধ শওকতকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে বলেও জানান এসআই আরিফ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শওকত ও নাসেরদের মধ্যে পারিবারিক বিরোধ বহুদিনের। শুক্রবার রাতে স্থানীয় এক ধনী ব্যক্তি জাকাত বিতরণে গেলে তার সাথে ছিলেন নাছেরের ছোট ভাই লোকমান ও শওকতের ভাই জসীম।
ওই সময় লোকমান ও জসীমের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং গুলিতে নাছের নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
