চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. নাসের (৩০) চরণদ্বীপের খলিল তালুকদার বাড়ির বাসিন্দা। সংঘর্ষে তার বাবা আলী মদন ও ভাই মো. লোকমানও আহত হয়েছেন।
ওসি অব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষের গুলিতে নাসের মারা যায়, তার বাবা ও ভাই আহত হন।”
রাতে ওই সংঘর্ষের পর পুলিশ সেখান থেকে দুই জনকে আটক করেছে বলে জানান ওসি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় দুই ভাই শওকত ও জাসিমের সঙ্গে নাসেরদের পরিবারের বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাতে জসিমরা চরণদ্বীপে গরিবদের মধ্যে যাকাত দিতে গেলে নাসেরের ভাই লোকমানের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়ালে গুলির ঘটনা ঘটে, তাতে নাসের নিহত হন, আহত হন তার বাবা আলী মদন। নাসেরের আরেক ভাই লোকমান ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নাসেরকে রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবাকে এ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
