কর্ণফুলীতে গোসলে নেমে রিকশাচালকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সন্ধ্যার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ওই রিকশাচালকের লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।
রিকশা চালকের নাম মোহাম্মদ মাসুদ (২৮)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরহাট এলাকার আবু তাহেরের ছেলে।
ওসি মহসিন বলেন, ওই রিকশা চালক শুক্রবার বিকালে গোসল করার জন্য নদীতে নেমে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শনিবার বিকালে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে।
