২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের জন্য নওফেলের ঈদ উপহার

চট্টগ্রামের আওয়ামী লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের মোট সাড়ে আট হাজার নেতাকর্মীকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 11:12 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

নগর আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মোট সাড়ে ছয় হাজার নেতাকর্মী, মহিলা আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মী এবং ছাত্রলীগের পাঁচশ নেতাকর্মী এই ঈদ উপহার পাচ্ছেন।

এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেলের অর্থায়নে এ ঈদ উপহার দেওয়া হচ্ছে।

নওফেলের ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় নেতাকর্মী এবং করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে দলের যে সদস্যরা কাজ করেছেন তাদের এই ঈদ উপহার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে প্রতি ওয়ার্ডে এগুলো পৌঁছে দেয়া শুরু হয়েছে।”

প্রায় ১০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে চাল, তেল, লবণ, আলু, ডাল, আটা, চিড়া ও সেমাই আছে।

এসব খাদ্য সামগ্রীর পাশাপাশি মহিলা আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মীর মধ্যে নগদ চার লাখ টাকাও বিতরণ করা হচ্ছে।

এরআগে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে নগরীতে অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী, নিম্নবিত্তের জন্য প্রতিদিন রান্না করা খাবার বিতরণ এবং মধ্যবিত্তের জন্য জরুরী সেবা’র মাধ্যমে খাদ্য উপকরণ বিতরণ শুরু করেন নওফেল।