২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ জোড়া খুনের আসামি নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি জোড়া খুনের আসামি বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 02:51 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

নিহত নুরুল আনসার কালু (৩৫) উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের বাসিন্দা।

শনিবার ভোর রাতে ওই গ্রামেই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নুরুল আনসার কালুকে গ্রেপ্তারে শনিবার ভোর রাতে ইলশা গ্রামের মদিনা ব্রিকফিল্ড এলাকায় অভিযানে যায় পুলিশ।  তখন কালুর লোকজনের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়।

“সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে কালুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে আট পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।”

স্থানীয়রা এবং পুলিশ জানায়, ইলশা গ্রামে সমাজপতিদের মধ্যে প্রায় অর্ধ শতাব্দি ধরে বিরোধ চলে আসছে। বংশানুক্রমিক ভাবে চলে আসা এই বিরোধে নুরুল আবসার ও জয়নাল আবেদীন নামে দুই ব্যক্তি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। তাদের দুই পক্ষের বিরুদ্ধে অন্তত ১০টি করে মামলা আছে।

১২ মে রাতে নিহতরা নিজেদের পাড়ায় বসে গল্প করার সময় বিরোধী পক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত গুলি চালিয়ে হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে খালেদ মারা যায়। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার চাচাত ভাই ইব্রাহীম। নিহতরা জয়নালের পক্ষের লোক ছিলেন।

ওসি রেজাউল বলেন, বন্দুকযুদ্ধে নিহত নুরুল আনসার কালু আবসারের ছোট ভাই। জোড়া খুনের এই ঘটনায় তিনি আসামি।