চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নঈমুল হক (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শুক্রবার সকালে তিনি মারা যান।
নঈমুল চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
ট্রাফিক বন্দর বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাত ব্যাথার কারণে কনস্টেবল নঈমুল ২১ দিনের চিকিৎসা ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“সেখান থেকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।”
উপ-কমিশনার তারেক জানান, নগরীর আমবাগান এলাকার বাসায় পরিবারের সাথেই ছিলেন নঈমুল।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, কনস্টেবল নঈমুল কোভিড-১৯ এ আকা্রন্ত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
নঈমুলের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে।
