মিরসরাইতে ‘১০ টাকা’ দরের দেড় মেট্রিক টন চাল উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) দেড় মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর থেকে বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার ও চালগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা মো. নুরুজ্জামান (৩৮) ও মো. আলাউদ্দিন (৩০) দক্ষিণ ওয়াহেদপুরের বাসিন্দা।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসপি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুজ্জামান এসব চাল সংগ্রহ করে ওয়াহেদপুরের একটি বাড়িতে মজুদ করে রাখেন।
“খাদ্য অধিদপ্তরের নিজস্ব বস্তা থেকে বের করে চালগুলো তারা অন্য ব্যাগে ভরে বেশি দরে বিক্রি করেন। সরকার নির্ধারিত ১০ টাকা প্রতি কেজি চালের দাম থাকলেও সেগুলো বেশি দরে তারা বিক্রি করে থাকেন।”
জব্দ করা চলের পরিমাণ এক হাজার ৫৮৩ কেজি বলে জানান তিনি।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা হয়েছে।
