চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৬৪ জন শনাক্ত
চট্টগ্রামে তিনটি ল্যাবে করা নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ৬৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
এদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা ৪১ জন এবং বিভিন্ন উপজেলার ২৩ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান।
তিনি বলেন, এদের মধ্যে চট্টগ্রামের ৩১ জন, নোয়াখালীর সাত ও ফেনী জেলার একজন আছেন। চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে মহানগরীর ১৭ এবং উপজেলার মধ্যে পটিয়ায় ১১ ও সাতকানিয়ার দুইজন রয়েছেন। মহানগরীর চকবাজার এলাকার ৬৫ বছর বয়সী মৃত একজনের নমুনায়ও করোনাভাইরাস পজিটিভ এসেছে।
নগরীর কর্নেল হাট, পাহাড়তলী, পশ্চিম নাসিরাবাদ, পাঁচলাইশ, ফিল্ড হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন, নন্দনকানন, ছোটপুল, আগ্রাবাদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতাল, আগ্রাবাদ, লালখান বাজার, নয়াবাজার ও আকবর শাহ এলাকার বাসিন্দা রয়েছেন বিআইটিআইডির পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়াদের মধ্যে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার পরীক্ষা হয় ৫৬টি নমুনা, এর মধ্যে চট্টগ্রামের ১৫ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। এই আক্রান্তদের মধ্যে মহানগরীর ১৩ জন এবং পটিয়া ও সীতাকুণ্ডের একজন করে আছেন।
চট্টগ্রাম মহানগরীর রাহাত্তারপুল, বাদুরতলা, বিএমএ, বিএন পতেঙ্গা, বায়েজিদ, ব্যাপারি পাড়া, হাজারি গলি, ডিসি অফিস, শেখের পুল ও বন্দর ফ্রি পোর্ট এলাকার বাসিন্দারা রয়েছেন এদের মধ্যে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে জানান সিভিল সার্জন।
এদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ১৮ জন, নোয়াখালীর সাত এবং ফেনীর একজন রয়েছেন।
চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে মহানগরীর ১১ জন এবং সাতকানিয়া, রাঙ্গুনিয়া, হাটহাজারী উপজেলার দুইজন করে এবং সীতাকুণ্ডের রয়েছে একজন।
এর বাইরে কক্সবাজারের ল্যাবে চট্টগ্রাম জেলার ১২ জনের নমুনা পরীক্ষা করে সেখানে লোহাগাড়া উপজেলার একজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে সিভিল সার্জন সেখ রাব্বি জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়েরর হিসেব অনুযায়ী, সোমবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে। এর মধ্যে মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন।
